পরিযায়ী শ্রমিকের সমস্যা - প্রতিবেদন রচনা
কঠিন জীবনযাত্রা ও বঞ্চনা: পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৪ ডিসেম্বর, ২০২৫: কর্মসংস্থানের খোঁজে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিকদের সঙ্কট উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সামাজিক সুরক্ষা, নিশ্চিত মজুরি এবং উন্নত জীবনযাত্রার অভাবে এই বিশাল জনগোষ্ঠী এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। সাম্প্রতিক এক বেসরকারি সমীক্ষায় দেখা গেছে, গত দুই বছরে কর্মসংস্থানের সন্ধানে আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে প্রায় ৮ কোটিরও বেশি শ্রমিক পরিযায়ী হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৩৫% শ্রমিক ন্যূনতম মজুরি এবং সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এদের অধিকাংশেরই নেই স্থায়ী বাসস্থান বা স্বাস্থ্য বিমার মতো মৌলিক নিরাপত্তা।
মালদহের পরিযায়ী শ্রমিক রমনখ হতাশার সুরে বলেন, "দীর্ঘ ১২ ঘণ্টা কাজ করার পরেও মাসের শেষে পুরো টাকা পাই না। অসুস্থ হলে দেখার কেউ নেই, আইনি সুরক্ষাও পাই না।" এই বঞ্চনার ফলে বহু পরিবার চরম দারিদ্রের শিকার হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার 'শ্রমিক কল্যাণ প্রকল্প' চালু করেছে। শ্রম দপ্তরের আধিকারিক ড. 'ক' বাবু বলেন, "পরিযায়ী শ্রমিকদের অধিকার সুরক্ষিত করতে সরকার কড়া নজরদারি ও ডিজিটাল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করছে। এছাড়াও, মজুরি নিশ্চিত করতে এবং শোষণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে রাজ্য ও আন্তঃরাজ্য স্তরে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। দ্রুত সমস্যা সমাধানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।" গণমাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের এ সমস্যা শুধু অর্থনৈতিক নয়, এটি একটি সামাজিক ও মানবিক সঙ্কট।
Comments
Post a Comment